চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, পাহাড়তলী, খুলশী ও হালিশহর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ২টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মোমিনুল হকসহ পাঁচলাইশ, পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবলমুরিং থানা জামায়াতের নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মনোনয়ন দাখিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘নতুন নতুন ইস্যুর জন্ম দিয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এতে ২০০৮ সালের আদলে ডিজিটাল কারচুপির নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে।’ তিনি ভোট গণনা কক্ষসহ নির্বাচনের সব কার্যক্রম শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, অবিলম্বে শহীদ হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করে সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সরকারসহ সব রাজনৈতিক দলকে ভূমিকা পালনের আহ্বান জানান মহানগর আমীর। তিনি বলেন, এসব শর্ত পূরণ হলেই একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায়।
মনোনয়নপত্র দাখিল শেষে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ‘চট্টগ্রাম-১০ আসনকে বাংলাদেশের একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই। এ এলাকার মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।’ জনগণের দোয়া ও ভালোবাসা পেলে ইনসাফভিত্তিক, কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রয়াসে ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।