রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মাইজভাণ্ডার দরবার শরীফের ‘চেয়ারম্যান বাবা’র ইন্তেকাল

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবার তৃতীয় শাহজাদা, হযরত সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারীর (ক.) ছোট শাহজাদা হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) (যিনি ভক্তদের কাছে ‘চেয়ারম্যান বাবা’ নামে অধিক পরিচিত) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় তিনি মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন।

মরহুম চেয়ারম্যান বাবা মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক অঙ্গনে একজন মহান সাধক ও পথপ্রদর্শক হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর জীবন ছিল ত্যাগ, সাধনা ও মানবকল্যাণে নিবেদিত। তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরীফসহ দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদানের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম চেয়ারম্যান বাবা এক পুত্র, তিন কন্যা এবং অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদান রেখে গেছেন।

মঞ্জিল কর্তৃপক্ষ জানিয়েছে, মরহুমের নামাজে জানাজা আগামীকাল সোমবার বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজায় দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত ও অনুসারীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

ভিডিও