রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মদ বিক্রির অভিযোগে পটিয়া থানার কর্মচারী আটক

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চোলাই মদ বিক্রির অভিযোগে পটিয়া থানায় কর্মরত এক কর্মচারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়া থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রুবেল দে (৩২)। তিনি ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গৈড়লা এলাকার বাসিন্দা এবং রতন দের ছেলে। তিনি পটিয়া থানায় সুইপার হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রুবেল দে মদ বিক্রির উদ্দেশ্যে একটি বোতল নিয়ে থানা সংলগ্ন একটি দোকানের সামনে অবস্থান করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থানা গেট থেকে অল্প দূরত্বে মদ হস্তান্তরের সময় তিনি জনতার নজরে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, রুবেল দে দীর্ঘদিন ধরে মদপানে অভ্যস্ত ছিলেন। এমনকি থানায় জব্দকৃত মাদকদ্রব্য কৌশলে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করতেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুবেল দে।

তিনি দাবি করেন, তিনি মদ পান করলেও বিক্রির সঙ্গে জড়িত নন। এক ব্যক্তির অনুরোধে মদটি বহন করছিলেন বলেও জানান তিনি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত। জনতার মারধরের ঘটনাটি দুঃখজনক। তবে অভিযুক্তের কাছ থেকে কোনো মদ উদ্ধার হয়নি।’

এ ঘটনায় থানার অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জব্দকৃত মালামাল ব্যবস্থাপনা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ভিডিও