চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সংবাদ মাধ্যম হলো জাতির পথ প্রদর্শক। সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে। চলমান জীবন, সমাজ, দেশ ও বিশ্বের প্রতিচ্ছবি প্রতিদিন সংবাদপত্রের পাতায় ফুটে ওঠে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে নিউজগার্ডেনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। সাংবাদিকতার কারণে দুর্নীতিবাজ ও অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই অপরাধ থেকে সরে আসতে বাধ্য হয়। শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় সোচ্চার থাকে। সাংবাদিকদের মেধা, মনন ও মানবতাবোধ থেকেই সত্যনিষ্ঠা, নীতিবোধ ও দেশপ্রেমের জন্ম হয়। সে কারণেই সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়।
তিনি আরও বলেন, সততা ও দায়িত্বশীলতাই সাংবাদিকতা পেশার মূল ভিত্তি। সৎ, মেধাবী ও নির্ভীক সাংবাদিকই জাতির পথপ্রদর্শক। সংবাদপত্র সরকার ব্যবস্থার চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদার শুভেচ্ছা বিনিময়ের পর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজগার্ডেনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম আহমেদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিকার ও সাংবাদিক নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবু সুফিয়ান বলেন, সাংবাদিকের প্রধান ও পবিত্র দায়িত্ব হলো বাস্তবতা ও সত্য তুলে ধরা। সাংবাদিকতায় নেশা ও নিষ্ঠা না থাকলে সংবাদের গভীরতা ও সত্যনিষ্ঠা হারিয়ে যায়। অসৎ ও দায়িত্বহীন সাংবাদিকতা শুধু এই পেশার জন্য নয়, সমাজ ও রাষ্ট্রের জন্যও ক্ষতিকর।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ বলেন, সাংবাদিক ও জনগণকে ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং সাংবাদিকদের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি বলেন, বিগত দেড় দশকে গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মাঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, ভারতের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ ও পর্যালোচনা করা জরুরি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বীর গেরিলা মুক্তিযোদ্ধা বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।