রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিয়ের মঞ্চেই ‘জাস্টিস ফর হাদি’তে নবদম্পতির প্রতিবাদ

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০০

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠান পরিণত হয়েছে ন্যায়বিচারের দাবির ব্যতিক্রমী মঞ্চে। জীবনের সবচেয়ে আনন্দের দিনে নীরব না থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন এক নবদম্পতি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে মাসুদুল হক মাসুম ও জিরি গ্রামের সাবিনা আক্তার সুমাইয়ার বিবাহোত্তর অনুষ্ঠানে এই ব্যতিক্রমী প্রতিবাদের দৃশ্য দেখা যায়। বিয়ের স্টেজে দাঁড়িয়ে বর-কনে ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

নবদম্পতির এই অবস্থানে সংহতি জানান অনুষ্ঠানে উপস্থিত স্বজন ও বন্ধুরাও। তারাও হাতে তুলে নেন বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড— ‘শহিদ ওসমান হাদি হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি’, ‘জান দেবো, জুলাই দিবো না’, ‘ইনসাফ চাই, ইনসাফ চাই’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’।

ব্যক্তিগত আনন্দের দিনে এমন সামাজিক অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে সচেতন নাগরিক দায়িত্ববোধ ও প্রতিবাদের অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করছেন।

বর মাসুদুল হক মাসুম বলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনেই আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চেয়েছি। হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই দাবি যেন মানুষের মনে থাকে— এই চাওয়াই ছিল আমাদের উদ্যোগের পেছনে।’

নবদম্পতির ঘনিষ্ঠজন তারেক বলেন, ‘এই বিয়ে দেখিয়ে দিয়েছে, প্রতিবাদের জন্য আলাদা কোনো মঞ্চ লাগে না। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ।’

অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরাও দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ভিডিও