ভোরের আলো তখনও ফোটেনি। কুয়াশায় মোড়ানো শীতের সকালে কয়েকজন মানুষ নীরবে ব্যস্ত সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কারে। কেউ হাতে ঝাঁটা নিয়ে ফুটপাত ঝাড়ছেন, কেউ আবার ময়লার স্তুপ নির্দিষ্ট স্থানে জড়ো করছেন। পরনে ঝকঝকে কাপড়—দেখলেই বোঝা যায়, পরিচ্ছন্নতার কাজে তারা অভ্যস্ত নন। তবু বিবেকের দায় আর দায়িত্ববোধ থেকে শীত উপেক্ষা করেই নেমে পড়েছেন সড়কে।
তারা সবাই বিএনপির নেতা-কর্মী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনার পর রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট), বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা পরিষ্কারে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তারা। এ কার্যক্রমে সিটি করপোরেশনও যুক্ত রয়েছে।
সরজমিনে ৩০০ ফুট এলাকা ঘুরে দেখা গেছে, আগের দিন সন্ধ্যায় বিএনপির কর্মী-সমর্থকরা এলাকা ত্যাগ করার পর সড়ক ও ফুটপাতের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। রাতে বিএনপির মিডিয়া সেল থেকে আবর্জনা অপসারণের ঘোষণা আসার পর শুক্রবার সকাল থেকেই নেতা-কর্মীরা পরিষ্কার কাজে নেমে পড়েন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসায় তাকে দেওয়া সংবর্ধনায় লাখো মানুষ উপস্থিত হন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে রাজধানীর সড়কগুলো যেমন মুখর হয়ে ওঠে, তেমনি কিছু এলাকায় অপরিচ্ছন্নতাও তৈরি হয়। সেই দায়বদ্ধতা থেকেই সড়ক পরিষ্কারে সক্রিয় হয়েছেন তারা।
সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম এর পিএস অ্যাডভোকেট নাসির উদ্দীন বলেন বলেন, আমরা শুধু সমাবেশ করেই চলে যেতে চাই না। জনগণের কাছে ইতিবাচক বার্তা দিতে চাই যে বিএনপি দায়িত্বশীল রাজনীতি করে। তাই ভোর থেকেই আমরা সড়ক পরিষ্কারে নেমেছি।
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট জাহেদ বলেন , সারা দেশ থেকে মানুষ এসেছে, স্বাভাবিকভাবেই কিছুটা অপরিষ্কার হয়েছে। কিন্তু সেটার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দলের নির্দেশে আমরা নিজেরাই পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছি।
এদিকে সকাল থেকেই এসব সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরা, গুলশান, বনানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত কর্মী এনে কাজ করা হচ্ছে। ১০০ ফুট সড়কে একসঙ্গে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে কাজ করতে দেখা যায়।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আলেয়া জানান, নিয়মিতভাবেই সড়ক ও ফুটপাত পরিষ্কার করা হয়। তবে বড় আকারের আয়োজনের পর আজ আশপাশের এলাকা থেকে অতিরিক্ত জনবল যুক্ত করা হয়েছে। তিনি জানান, বেলা ১১টার মধ্যেই সড়ক সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হবে।
এর আগে. বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যার্পন’ উপলক্ষে জনসমাবেশে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সকল বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।