দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পরদিনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালের একটি ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে।’
দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। নেতাকর্মীরা এটিকে দলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। পরবর্তী সময়ে একের পর এক মামলার কারণে দীর্ঘদিন দেশে ফেরা সম্ভব হয়নি তার। অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন তিনি।
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।