বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় খ্রিস্টান ধর্মীয় নেতারা তাঁদের বক্তব্যে বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বক্তব্যে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টকে সার্বজনীন উল্লেখ করে বলেন, যিশু খ্রিস্টের ক্ষমা, ভালোবাসা ও মানবসেবার আদর্শকে সামনে রেখে বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছে।
প্রধান উপদেষ্টাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জনগণ আপনার ওপর আস্থা রেখেছে। আপনি নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করছেন। আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনার প্রচেষ্টা সফল হবে।’
প্রধান উপদেষ্টা উপস্থিত সকলকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখেই বোঝা যায় সমাজ ঠিক পথে আছে কি না।’
তিনি বলেন, একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতেই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। তিনি জানান, আসন্ন নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে এবং গণভোটে জনগণের রায়ের ভিত্তিতেই ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা এ সময় আসন্ন নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতৃবৃন্দ। তাঁরা জানান, দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এই অনুদান বিতরণ করা হচ্ছে।
পরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।