দেশব্যাপী সংঘঠিত একের পর এক সন্ত্রাস ও হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা, লক্ষ্মীপুরে শিশু আয়শা আক্তার, ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং গাজীপুরে ইমাম রইস উদ্দিনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘঠিত নৃশংস ঘটনার বিচার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজানগর ও ইসলামপুর ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রানীরহাট বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় রাজানগর ইউনিয়ন যুবসেনার সভাপতি মাওলানা সাইদুল হকের সভাপতিত্বে এবং মাওলানা ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।
বক্তারা বলেন, মব সন্ত্রাস ও হত্যাকাণ্ড এখন দেশের জন্য ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আইনের শাসন ও জননিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়বে। অবিলম্বে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক এইচ এম তারেক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল খালেক, দক্ষিণ রাজানগর যুবসেনার সভাপতি ইদ্রিস নঈমী সুমন, উপজেলা ছাত্রসেনার সহ-সভাপতি মুহাম্মদ জমির উদ্দিন, ইসলামপুর যুবসেনার সভাপতি মুনির উদ্দিন মুহাম্মদ আরমান, রাজানগর যুবসেনার সভাপতি ইমরান হোসেন বাবু, ইসলামপুর ছাত্রসেনার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, বর্তমান সভাপতি নুরুন্নবী ও রাজানগর ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন।
সমাবেশ শেষে মব সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।