সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে দলীয় প্রার্থীর বাইরে মনোনয়ন ফরম নিলেন ৬ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯

চট্টগ্রামের বিভিন্ন আসনে দল থেকে মনোনীত ব্যক্তিদের বাইরেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ছয় নেতা। রোববার চট্টগ্রামের বিভিন্ন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ তালিকায় আসলাম চৌধুরী ও লেয়াকত আলীও রয়েছেন।

এর মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ৯, ১০ নম্বর ওয়ার্ড) আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ওই সময় তিনি কারাগারে ছিলেন।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে সীতাকুণ্ড আসনে মনোনয়ন দেওয়া হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে। ওইদিন সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন তার অনুসারীরা।

বৃহস্পতিবার এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি ঘোষিত প্রার্থী কাজী মো. সালাউদ্দিন। এদিকে শনিবার ঢাকায় বিএনপি চেয়ারপর্সনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের ঘোষিত প্রার্থীদের নির্বাচনি কর্মশালায় সীতাকুণ্ড আসন থেকে আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন; সালাউদ্দিন ছিলেন না।

আর আসলাম চৌধুরী সীতাকুণ্ড আসনে মনোনয়ন পাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাওড় করেন তার সমর্থিত নেতাকর্মীরা। তবে দলের পক্ষ থেকে এখনও চূড়ান্ত কিছু শোনা যায়নি।

রোববার রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত তথ্য কর্মকর্তা আবু তাহের।

চট্টগ্রাম-৫ (হাটহাজারি ও নগরীর ১,২ নম্বর ওয়ার্ড) আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে। গত ১৭ ডিসেম্বর তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়।

এ আসন থেকে রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ কোষাধ্যক্ষ এসএম ফজলুল হক ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি গত বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার এ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সামছুল আলম। বক্কর এবারই প্রথম মনোনয়ন সংগ্রহ করেছেন।

আর ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা সামছুল ২০০৮ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে বিএনপির টিকিটে নির্বাচন করেন। দলের মহানগর কমিটির সহ-সভাপতির পদও পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন রাজনীতির আড়ালে ছিলেন সামছুল আলম।

চট্টগ্রাম-১৬ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলটির দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। তিনি সাবেক বন ও পরিবেশ মন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। জাফরুল ইসলাম এ বাঁশখালী আসন থেকে ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত চার দফায় সংসদ সদস্য ছিলেন।

বৃহস্পতিবার এ আসন থেকে মিশকাতুল ইসলাম পাপ্পা মনোনয়ন নিয়েছেন। রোববার এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দক্ষিণ জেলা বিএনপি নেতা ও আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত আলী, যিনি গত ২৭ নভেম্বর ফেইসবুক লাইভে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

২০১৬ সালে গণ্ডামারায় এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জায়গা অধিগ্রহণ নিয়ে বিরোধে স্থানীয়দের নেতৃত্বে থেকে আলোচনায় আসেন লেয়াকত।

লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী উপজেলার ৯ নম্বর গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ বলেন, রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে চারজন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর মধ্যে লেয়াকত ছাড়া বিএনপির অন্য নেতারা বিভাগীয় কমিশনার ও তার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন।

জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিলেন যারা
চট্টগ্রাম-১ (মিরসরাই উপজেলা) আসন থেকে বিএনপি সমর্থিত নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) থেকে মোহাম্মদ এমআর ভূঁইয়া, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা) থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আল হারুন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা, সাতকানিয়া আংশিক) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুল হামিদ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌ. মো. সোলায়মান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১৪ আসন থেকে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও সে আসন থেকে দুই বিএনপি নেতা জাকের হোসেন ও শফিকুল ইসলাম রাহী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা লেয়াকত আলী।

ভিডিও