রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের কথা বললেন মেঘনা আলম

ঢাকা-৮ থেকে সংসদ নির্বাচনে লড়বেন মেঘনা আলম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল, মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে তিনি বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য সামনে রেখেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

নিজের ঘোষণায় মেঘনা আলম বলেন, অতীতে দেশের রাজনীতিতে ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’— এমন অনেক প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। একটি দেশ বা এলাকা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন বৈশ্বিক চিন্তাধারা, আধুনিক শিক্ষা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্য নেতৃত্ব। তিনি দাবি করেন, কেবল প্রতিশ্রুতি নয়— বাস্তবসম্মত ও টেকসই রূপান্তরের পরিকল্পনা নিয়েই তিনি ঢাকা-৮ আসনের মানুষের পাশে দাঁড়াতে চান।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-৮ এলাকায় আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এতে রাস্তাঘাটে চলাচলের সময় নারী ও কিশোরীরা যেন স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার না হন, তা নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন।

এছাড়া এলাকায় একটি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথা জানান মেঘনা আলম, যাতে মানুষ নিরাপদে হাঁটতে পারে এবং সাইকেল ব্যবহারের সুযোগ পায়। জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, গোসল ও ব্রেস্টফিডিং সুবিধা, বাচ্চাদের ডায়াপার পরিবর্তনের স্থান এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

নারীদের ধর্মীয় সুবিধার কথা উল্লেখ করে তিনি জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের জন্য পৃথক নামাজের জায়গাসহ নতুন মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে আলাদা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি রমজান মাসে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করা হবে, যাতে সামাজিক ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।

নারীদের মানসিক স্বস্তি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও পাবলিক-প্রাইভেট অর্থায়নে ডে-কেয়ার সিস্টেম চালুর পরিকল্পনার কথাও জানান মেঘনা আলম। এতে কর্মজীবী ও গৃহিণী নারীরা সময় বের করে নিজের যত্ন, পড়াশোনা কিংবা আয়মূলক কাজের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তিনি প্রতি মাসে অন্তত একবার বিনামূল্যে ডেন্টাল চেকআপ এবং স্বল্পমূল্যে দাঁতের চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনার কথা জানান। তাঁর মতে, দাঁতের অবহেলা থেকে স্ট্রোক, ব্রেইন ড্যামেজসহ নানা জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে একবার বিনামূল্যে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ আয়োজনের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে যুবসমাজের জন্য রাজনৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশ কর্মশালা আয়োজনের মাধ্যমে দায়িত্বশীল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি সেবাকেন্দ্রে অভিযোগ বাক্স স্থাপন করা হবে এবং প্রতি তিন মাসে একবার এমপি নিজে উপস্থিত থেকে টাউন হল মিটিং করবেন বলে ঘোষণা দেন মেঘনা আলম। এসব সভায় এলাকার শিল্পী, ব্যবসায়ী ও বিশিষ্টজনদের নিয়ে সমস্যা, পরিকল্পনা ও সমাধান নিয়ে আলোচনা করা হবে।

ঘোষণায় তিনি বলেন, সমাজের অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয়ের পেছনে পুষ্টির অভাব, পরিচ্ছন্নতার ঘাটতি এবং আইন সম্পর্কে অজ্ঞতা বড় ভূমিকা রাখে। তাই এমপি নির্বাচিত হলে ঢাকা-৮ আসনের মানুষের পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন এবং আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

মেঘনা আলমের এই ঘোষণার পর ঢাকা-৮ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

ভিডিও