প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর মাননীয় নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) আশিক চৌধুরী বুধবার মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন।
সফরের শুরুতে সকালে তিনি বোটযোগে চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ীতে গমন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, মিডার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।
মাতারবাড়ীতে নির্বাহী চেয়ারম্যান মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর, ডকইয়ার্ড, পোর্ট এক্সেস রোডের এলিভেটেড অংশসহ চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, সিপিজিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসকসহ প্রকল্প সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
মাতারবাড়ী পরিদর্শন শেষে বিকেলে তিনি চট্টগ্রাম বন্দরে আগমন করেন। সেখানে বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান চ্যালেঞ্জ, কার্যক্রমের গতি বৃদ্ধি এবং সমস্যা নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করা হয়।
এ সময় চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহকে বন্দরের কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রদত্ত Letter of Appreciation মাননীয় নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।