রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সীতাকুণ্ডে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেহানা বেগম নামে এক স্বাস্থ্যকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

রেহানা বেগম সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কাজলী পাড়াস্থ মাহবুবুল হক চৌধুরীর ভাড়া বাসায় রেহানা বেগম তার মায়ের সঙ্গে বসবাস করতেন। তার মা কয়েকদিন আগে আরেক মেয়ের বাড়ি সিলেটে চলে যান। বুধবার দুপুর হওয়ার পরও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে মাহবুবুল হক চৌধুরী বিষয়টি পুলিশকে অবহিত করেন। বিকাল ৫টার সময় পুলিশ ঘরের দরজা ভেঙে দেখতে পান ওই নারী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার বলেন, গলায় ফাঁস দেওয়া এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভিডিও