রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কুরআন শিক্ষা চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী জানুয়ারি মাস থেকে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, আরবি হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ একটি ভাষা। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়; বরং সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও তাত্ত্বিক জ্ঞানের এক বিশাল ভান্ডার। বিশ্বের ২০টিরও বেশি দেশে আরবি প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ৪০০ মিলিয়নের বেশি মানুষ এই ভাষায় কথা বলে। আরবি ভাষার উৎকর্ষ ও সৌকর্য বৃদ্ধিতে আরবদের পাশাপাশি অনারব অঞ্চলের মানুষের অবদানও উল্লেখযোগ্য।

তিনি বলেন, আরবি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশ্বজুড়ে স্কলারশিপের বিশাল সুযোগ রয়েছে। আরববিশ্ব, তুরস্ক এমনকি ইংল্যান্ডেও আরবি ভাষায় এমএ, এমফিল ও পিএইচডি করার সুযোগ আছে।

আরবি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে ধর্ম উপদেষ্টা বলেন, আরবি বিষয়ে গবেষণা ও থিসিস অবশ্যই আরবিতেই লিখতে হবে। স্ক্রিপ্ট বাংলায় লেখা গ্রহণযোগ্য নয়। একইভাবে আরবি বিভাগের শিক্ষার্থীদের উত্তরপত্র আরবি ছাড়া অন্য কোনো ভাষায় গ্রহণ না করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।

শিক্ষাঙ্গণে রাজনীতির নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা জ্ঞানচর্চার পথে বড় বাধা। ‘আমার দলের শিক্ষক, আমার দলের কর্মী’— এই সংস্কৃতি পরিহার করতে হবে। বিশ্ববিদ্যালয়কে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে দেওয়া উচিত নয়। শিক্ষাঙ্গণকে দলীয়করণমুক্ত রাখতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মানসিকতা আমাদের পিছিয়ে দিয়েছে। ক্ষমতা কুক্ষিগত করার সংস্কৃতি ত্যাগ করলেই দেশ ও প্রতিষ্ঠান এগিয়ে যাবে।

আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া জামিয়াতুন নূর আল-আলমিয়াহ বাংলাদেশের পরিচালক ওবায়দুল্লাহ হামযাহ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্যে অবদান, আরবি শিক্ষায় স্কলারশিপ প্রদান এবং আরবি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখায় ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ও ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন লোহাগাড়া–সাতকানিয়া (চুসালস) আয়োজিত নবীন বরণ, চাকসু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ভিডিও