সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন

‘মুক্তিযোদ্ধাদের স্বপ্ন থেকে যেন বিচ্যুত না হই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯

মুক্তিযুদ্ধের পেছনের স্বপ্ন— বৈষম্যহীন সমাজ, শক্তিশালী প্রতিষ্ঠান ও মানুষের মুক্তি— সেই আদর্শ থেকে যেন আমরা বিচ্যুত না হই— এ আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

বুধবার (১৭ ডিসেম্বর) নগরীর সার্কিট হাউজে চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস–২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো. জিয়াউদ্দীন বলেন, আজকের এই দিনে মুক্তিযোদ্ধারা চট্টগ্রামকে হানাদার মুক্ত করেছিলেন। বিজয়ের এই মাসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধা, জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, তার পেছনে ছিল অসীম আত্মত্যাগ ও এক মহৎ স্বপ্ন। সেই স্বপ্নগুলো থেকে বিচ্যুত না হওয়াই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই নানা কারণে দেশের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যে স্বপ্ন থেকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, তার সুফল আমরা পুরোপুরি পাইনি। আজকের এই আলোচনা সভা আমাদের জন্য অতীত স্মরণ করে নতুন করে প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ তৈরি করেছে। কারণ প্রতিষ্ঠান শক্তিশালী না হলে পেশাদারিত্ব গড়ে ওঠে না, আর পেশাদারিত্ব ছাড়া সাধারণ মানুষের ভোগান্তি দূর করা সম্ভব নয়।

বিভাগীয় কমিশনার বলেন, যদি দলীয়করণের মাধ্যমে সবকিছু কুক্ষিগত করা হয়, তাহলে প্রতিষ্ঠান গড়ে উঠবে না, সাধারণ মানুষের মুক্তিও আসবে না। তাই বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান জানাই— যেভাবে আপনারা দেশ স্বাধীন করেছিলেন, সেভাবেই আজ আমাদের পাশে দাঁড়িয়ে প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সহযোগিতা করুন। আমরা প্রশাসনসহ সব সরকারি দপ্তরে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি, জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পক্ষে এডিশনাল ডিআইজি নাজিমুল হক এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও