চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো— রাঙ্গুনিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (৫২), পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সহসভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরী (৩৯), পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের প্রচার ও গবেষণা সম্পাদক ওমর ফারুক (৩৯)।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন জানান, চলমান মামলার তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলায় তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় নিয়মিত প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি বলেন, ‘আইনের সকল প্রক্রিয়া মেনে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ স্কর্টের মাধ্যমে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।’ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার অগ্রগতি স্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।