রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় তিন ইটভাটাকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ইটভাটার মালিককে মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকার মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লক্ষ টাকা, মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লক্ষ টাকা এবং মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় আড়াই লক্ষ টাকা।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, লোহাগাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং লোহাগাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ও পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিডিও