রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

পটিয়ায় গুদামসহ ৭ দোকান আগুনে পুড়ে ছাই

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় রহস্যময় অগ্নিকাণ্ডে একটি গুদামসহ সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গৈড়লার টেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দোকানগুলোর নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে পারভেজ সওদাগরের দোকান, মনু বেকারি, সেলিম বেকারি, সেলিম সওদাগরের দোকান, সেলিম সওদাগরের গুদাম ও একটি সেলুন সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী আকিব জাবেদ সওদাগর জানান, মনু বেকারিতে গ্যাস সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।

ভিডিও