চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি স্পষ্টভাবে বলেন, ‘যদি কোনো সময় মনে হয় জনগণের স্বার্থে কাজ করতে পারছি না, তবে প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবো।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর টেক্সটাইল–রুবি গেইট এলাকায় আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যক্ষ হেলালী বলেন, মানুষের আস্থা অর্জনে সততা, সেবার মানসিকতা এবং জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। রাজনীতি ক্ষমতালাভের মাধ্যম নয়; বরং মানুষের দুঃখ–কষ্ট লাঘব করে তাদের জীবনমান উন্নয়নের দায়িত্ববোধ থেকেই রাজনীতি করা উচিত।
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সমস্যা— বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থান— এসব বিষয়ে বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই তার অঙ্গীকার। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। তাই জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে তার নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তি।
গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি। উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর থানা জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার, ৭ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নুরুন্নবী সোহাগ, মাওলানা সফিকুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম, মাষ্টার মাইনুদ্দীন, মোহাম্মদ আলী, মোহাম্মদ নুর নবী, হাফেজ সেলিম উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ উপলক্ষে এলাকাবাসীর সঙ্গে বাড়ি–বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়, সমস্যার খোঁজ নেওয়া এবং উন্নয়নসংক্রান্ত প্রস্তাবনা সংগ্রহ করা হয়। স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময়ের মাধ্যমে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।