লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামে সিএনজিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পুকুর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে যাত্রী আনতে বের হয়ে গন্তব্যে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তার পাশে পড়ে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
নিহতের ছেলে ও ছাত্রশিবির নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে আছি। এলাকার মানুষ জানিয়েছেন ফজরের আজানের আগে গুলির শব্দ শুনেছেন। আমার বাবার শরীরে গুলির চিহ্ন রয়েছে, অটোরিকশাতেও গুলির চিহ্ন দেখা গেছে।’
বড়হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘নুরুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন। তিনি রাতেও যাত্রী নিয়ে গাড়ি চালাতেন। তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ‘গভীর রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা নুরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে। তার মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।’