সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে বেগম রোকেয়া দিবস উদযাপন

চট্টগ্রামের চার নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৩

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শরীফ উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব আতিয়া চৌধুরী। পরে ‘আমিই রোকেয়া’ শীর্ষক বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর জেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা ও তাঁদের জীবন-বৃত্তান্ত উঠে আসে উপস্থাপনায়।

অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন— ১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী– শিপ্রা দাশ (বোয়ালখালী), ২. শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী– আসমা আকতার রুনা (সাতকানিয়া), ৩. সফল জননী নারী– রেজিয়া বেগম (সন্দ্বীপ), ৪. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী– জান্নাতুল আদন (সাতকানিয়া)।

পুরস্কারপ্রাপ্তরা তাঁদের জীবনের সংগ্রাম, চ্যালেঞ্জ ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বেগম রোকেয়া নারীর অধিকার প্রতিষ্ঠায় পথ দেখিয়েছেন। আমাদের প্রত্যেক মেয়ের মধ্যেই রোকেয়ার শক্তি আছে। সাফল্য আসে কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি ও অদম্য মনোবল থেকে। জীবন একবারই পাওয়া যায়— এই জীবনেই আমাদের সফল হতে হবে।’

বিশেষ অতিথি পুলিশ সুপার বলেন, ‘অদম্য নারীদের জীবনগল্প শুনে আমি গভীরভাবে অনুপ্রাণিত। আমার নিজের স্ত্রীও যে কত কঠিন পরিশ্রম করেন তা সমাজকে ভাবতে হবে। পৃথিবীর সব নারীর প্রতি আমার শ্রদ্ধা।’

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন পরিবারে ছেলে-মেয়ের প্রতি বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিবারে সহিংসতা ও বৈষম্য দূর করতে পারলে রাষ্ট্র সুনাগরিক পাবে এবং দেশ আরও এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়।

ভিডিও