সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি দমন ও মানবিক প্রশাসন গঠনের বার্তা জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৪

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) পটিয়া ও চন্দনাইশ উপজেলায় দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করেছেন। সফরের শুরুতে তিনি সকাল ১০টায় চন্দনাইশ থানা পরিদর্শন করেন এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি প্রশাসনিক সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা ও মানবিক রাষ্ট্র গঠনে কর্মকর্তাদের অঙ্গীকার ও দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা এমন একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে সিস্টেম নিজস্ব নিয়মে চলবে— ব্যক্তিস্বার্থ দ্বারা পরিচালিত হবে না। মানুষের কাঙ্ক্ষিত সেবা, দুর্নীতি দমন এবং মানবিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।’

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সামাজিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দেন। এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল, ৬ জনকে সুবর্ণ নাগরিক কার্ড, ১০ জন কৃষকের মাঝে সার ও বীজ, ৪০ জন এতিম শিশুদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। তিনি চন্দনাইশ উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করেন এবং চট্টগ্রাম–১৪ আসনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

চন্দনাইশ পরিদর্শন শেষে জেলা প্রশাসক পটিয়া উপজেলায় যান। সেখানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পটিয়া থানা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। থানায় তিনি অস্ত্রাগার ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন।

পরে পটিয়া উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

দিনব্যাপী সফরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় একজন ভিক্ষুককে রিকশা প্রদান, সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ, কৃষকদের মাঝে রবি প্রণোদনার সার-বীজ বিতরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে দুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ এবং সরকারি শিশু পরিবারের কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। এছাড়া তিনি হাবিলাসদ্বীপ সরকারি শিশু পরিবারের খেলার মাঠ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

সফরকালে চন্দনাইশ ও পটিয়ার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সমাজসেবা, নির্বাচন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও