রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে প্রধান বিচারপতির সঙ্গে বিচার বিভাগীয় কর্মচারী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১

চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে বিচার বিভাগীয় কর্মচারীদের দাবি দাওয়া উপস্থাপন করা হয়।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা উল্লেখ করে কর্মচারীদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি বিচার বিভাগকে আরও শক্তিশালী ও আধুনিক ব্যবস্থাপনায় রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান।

দাবি উপস্থাপন করেন চট্টগ্রামের জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক আকন্দ ও প্রশাসনিক কর্মকর্তা মো. শামসুল হক। এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. সাইফুদ্দিন পারভেজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নেছারউদ্দিন আহমদ এবং সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে বিচার বিভাগীয় কর্মচারীদের পেশাগত উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কাঠামোগত সমস্যা সমাধান বিষয়ে আলোচনা হয়। সংগঠনের নেতৃবৃন্দ প্রধান বিচারপতির নির্দেশনা ও আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ভিডিও