ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৫ জন ওসির থানা পরিবর্তন হয়েছে এবং একজনকে নগর পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে বর্তমানে ১৬ থানায় দায়িত্বরত ওসিদের কর্মস্থল পরিবর্তন করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলি আদেশের তথ্য অনুযায়ী নগরীর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায় এবং বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।
সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বন্দর থানা থেকে মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায় এবং পতেঙ্গা থানা থেকে কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায় বদলি করা হয়েছে। এছাড়া আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায় দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে, হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়, পাহাড়তলী থানা থেকে ডামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় এবং ডবলমুরিং থানা থেকে বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে নগর পুলিশের বিশেষ শাখায় নিরস্ত্র পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানা থেকে জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। একইভাবে খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী থানায় ও কর্ণফুলী থানা থেকে জাহিদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে।
এছাড়া ইপিজেড থানার ওসি মো. কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে। তবে ইপিজেড থানায় নতুন করে কাউকে এখনো দায়িত্ব দেয়া হয়নি।