বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টায় সিএমইউজে মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ।
দোয়া মাহফিল শুরুর আগে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ১০ জন আলেম পবিত্র কোরআন খতম করেন। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশ–এর ডিভিশনাল এডিটর সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা, সিএমইউজের কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল মাওলা রিপন, শহীদুল ইসলাম এবং দৈনিক দিনকাল-এর ব্যুরো প্রধান হাসান মুকুল প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশের গণমাধ্যমের অগ্রগতিতে, সাংবাদিক সমাজের অধিকার আদায়ে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।