‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালি শেষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আলোচনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত নারী সমিতি ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। মুক্ত আলোচনায় প্রত্যাশীর প্রধান নির্বাহী মনোয়ারা বেগম, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের মোহাম্মদ আলী সিকদারসহ ব্র্যাক, ইপসা, যুগান্তর, ঘাসফুল, বিটা, সিডিসি, উষা নারী উন্নয়ন সংস্থা, ওয়াইএএসডি ও কারিতাসের প্রতিনিধিরা মতামত দেন।
বক্তারা অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতার ওপর জোর দেন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া প্রতিবন্ধী নারী, প্রবাসী পরিবার, গণপরিবহন ও বিভিন্ন কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকরী কমিটি গঠনের সুপারিশ করেন। অংশগ্রহণকারীরা গত দশ মাসে নারীর প্রতি সহিংসতার তথ্য তুলে ধরে আইনের কঠোর প্রয়োগ, পারিবারিক শিক্ষা ও ধারাবাহিক সচেতনতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর তথ্য সংগ্রহ করে সমন্বিত কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নারীর আত্মকর্মসংস্থানে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নারী ও কন্যাশিশুসহ সহিংসতার শিকার সবাই আমাদের সমাজ ও পরিবারের মধ্যেই রয়েছে। শুধু আইন প্রয়োগ নয়, ব্যক্তিগত চরিত্র গঠন ও নৈতিকতার চর্চার মাধ্যমেই সহিংসতা রোধ করা সম্ভব।’
তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নৈতিকতা শেখাতে পরিবার থেকেই সুশিক্ষা প্রদানের আহ্বান জানান।
সভাপতি শরীফ উদ্দিন গণপরিবহনে নারীর প্রতি সহিংসতার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তিনি নারীর শিক্ষা, সচেতনতা ও আত্মনির্ভরশীল হওয়ার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস।