সাতকানিয়া উপজেলার এওচিয়া এলাকার বাসিন্দা ও ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী শাহেদ সিদ্দিকী গতকাল রাত ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শাহেদ সিদ্দিকী ইসলামী আন্দোলনের প্রতি ছিলেন আজীবনের নিবেদিতপ্রাণ একজন কর্মী। তিনি দীর্ঘদিন দ্বীনের কাজে নিজেকে উৎসর্গ করে গেছেন। নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর দরবারে দোয়া করেন— আল্লাহ যেন তার আজীবন দ্বীনি খেদমত কবুল করে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মাঠ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
জানাজার নামাজ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন এবং মরহুমের মামাতো ভাই মনজুরুল কাদের।
এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই সহকারী জাজ সোহাইল সিদ্দিকী, দক্ষিণ জেলা অফিস সেক্রেটারি নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ আদিল, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, কোতোয়ালি থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদৌস, জামায়াত নেতা আ ক ম ফরিদ, শাহাদাত হোসেনসহ আরও অনেকেই।
প্রথম জানাজার পর সকাল ৯টা ৩০ মিনিটে মজ্জেরটেকে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা সম্পন্ন হবে সাতকানিয়ার এওচিয়া নিজ বাড়িতে দুপুর ২টা ৩০ মিনিটে।
মরহুমের মৃত্যুতে তার রাজনৈতিক সহযোদ্ধা, স্বজন ও বিভিন্ন মহলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।