মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই, সিইউজের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ১০:৫১

সিনিয়র সাংবাদিক ইব্রাহিম আজাদ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…)। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের বাসায় অসুস্থ পড়লে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মাসখানেক আগে ল্যাবএইড হাসপাতালে তার হার্টে একটি রিং পরানো হয়। ফের অসুস্থ হয়ে পাঁচ দিন চিকিৎসা শেষে তিনি আজ (৩০ নভেম্বর) বাসায় ফেরেন। এর মধ্যে সন্ধ্যায় আবার তিনি অসুস্থ হয়ে পড়েন।

ইব্রাহিম আজাদ দীপ্ত টিভি, নিউজ২৪ এবং এখন টিভির বার্তা প্রধান হিসেবে কাজ করেছেন। ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে প্ল্যানিং এডিটর হিসেবে যোগ দিয়ে সম্প্রচার সাংবাদিকতা শুরু করেন ইব্রাহিম আজাদ।

এরপর মাঝে ইটিভি বন্ধ হয়ে যাওয়ায় একই পদে এটিএন বাংলায় যোগ দেন তিনি। পরবর্তীতে সেখানে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন মাত্রায় সম্প্রচার শুরু করলে তিনি ফের ইটিভিতে বার্তা সম্পাদক পদে ফেরেন । পরে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন।

ইব্রাহিম আজাদ কর্মজীবন শুরু করেন প্রিন্ট মিডিয়ায়। ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করা এ সংবাদকর্মী প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম।

সিইউজের শোক
এদিকে সিনিয়র সাংবাদিক ইব্রাহিম আজাদ মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার এক শোকবার্তায় সিইউজে নেতৃবৃন্দ বলেন, সিনিয়র সাংবাদিক ইব্রাহীম আজাদ ছিলেন সৎ, নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক। অদম্য ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি সামাজের অসঙ্গতি–বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। হয়ে উঠেছিলেন গণমাধ্যম জগতের নক্ষত্রসম ব্যক্তিত্ব হিসেবে। সত্য প্রকাশে তিনি ছিলেন নির্ভীক, দ্বিধাহীন ও অসংকোচ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

‘সাংবাদিকতার সুদীর্ঘ যাত্রাপথে একাধিক টেলিভিশনে বার্তা সম্পাদক, লেখালেখিসহ নানা ক্ষেত্রে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। ইব্রাহীম আজাদের পেশাদারিত্ব উদাহরণীয়। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।’

ভিডিও