,

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের বৈঠক

নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জোর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 10 November 2025, 04:03

আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

সভায় অক্টোবর ২০২৫ মাসের অপরাধচিত্র পর্যালোচনার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চোরাচালান দমন, অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, অবৈধ বালু উত্তোলন ও জমির টপসয়েল কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা— এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় যাত্রী হয়রানি বন্ধ ও চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। দুর্বৃত্তায়ন কিংবা যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

ভিডিও