রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সমমনা চবিয়ানদের মিলনমেলায় আলোচনায় বক্তারা

দেশ-বিদেশে চবিয়ানদের অবদান গৌরবময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমমনা সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতসহ দেশ-বিদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অপরিসীম ভূমিকা রেখে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার ক্ষেত্র নয়, আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। সাবেক শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় অবদান রাখা উচিত।’

শনিবার রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এ মিলনমেলায় সভাপতিত্ব করেন চবির সাবেক শিক্ষার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। সঞ্চালনায় ছিলেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও সদস্য সচিব ড. মাহবুবূর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন চবির সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রশিবির সভাপতি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় জামায়াত নেতা এডভোকেট জসিম উদ্দিন সরকার, অধ্যাপক আহছানুল্লাহ, মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।

ড. আযাদ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এর সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।’

সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, ছাত্রদের কল্যাণ এবং নানাবিধ সমস্যার সমাধানে সাবেক শিক্ষার্থীরা কার্যকর অবদান রাখতে পারেন।’

উদ্বোধনী বক্তব্য দেন আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন। সম্মেলনের শুরুতে সংক্ষিপ্ত দারসে কোরআন পেশ করেন সাবেক চবি শিবির সভাপতি শরিফ উদ্দিন পাটোয়ারী।

মিলনমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, বান্দরবান জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, ছাত্রনেতা তানজির হোসেন জুয়েলসহ নগর ও জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য এই আয়োজনকে ঘিরে সাবেক চবিয়ানদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। তারা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং সামাজিক উন্নয়ন ও ঐক্য গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিডিও