চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়।
এবারের নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা অংশগ্রহণ করলেও ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীপন্থি আইনজীবীদের সংগঠন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ। অন্যদিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের কাউকে মনোনয়ন ফরম তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ কারণে শুরু থেকেই তারা নির্বাচন বর্জনের অবস্থানে ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে একজন করে প্রার্থী থাকায় এসব পদে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। বাকি ১২ পদে ভোট হচ্ছে। এসব পদে ২৪ জন প্রার্থী থাকলেও বুধবার সন্ধ্যায় জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের ১২ প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এতে কার্যত বিএনপিপন্থী প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রৌশন আরা বেগম আগেই জানিয়েছিলেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরণের সমস্যা হয়নি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবার সমিতির ভোটার সংখ্যা প্রায় ৫ হাজার।