রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) ডাকে আধা বেলা হরতাল কর্মসূচি চলছে। এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ সোমবার ভোরে এ কর্মসূচি শুরু করেছে দলটি।
অবরোধ কর্মসূচিকে ঘিরে সকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন ইউপিডিএফ সদস্যরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা যায় তাঁদের। এর প্রভাবে সাজেক-দীঘিনালা সড়ক, দীঘিনালা-বাঘাইছড়ি যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে পড়েছে।
ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা বলেন, হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে।
গত শনিবার সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। দলটির দাবি, ইউপিডিএফ-গণতান্ত্রিকের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফ-গণতান্ত্রিকের সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, যেখানে ঘটনা সংগঠিত হয়েছে, সেখানে তাঁদের দলের কোনো কার্যক্রম নেই। ইউপিডিএফ-গণতান্ত্রিকের ওপর অহেতুক দোষ চাপানো হচ্ছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। হত্যার প্রতিবাদে আজ আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে একটি দল। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।’
পূর্বতারা/ইউডি