চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তারা ঘটনাস্থলে জড়ো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, শুক্রবার রাতে নগরীর লালদিঘী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. বেলাল হোসেন (২১) ও মো. সোহেল রানা (২৩)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছেন। তারা নগরীর ফলমন্ডি, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকায় আসা ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ডাকাতির পরিকল্পনা করছিলেন।
ওসি মো. আফতাব উদ্দিন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।