কাপ্তাই হ্রদের নাব্যতা ঠিক রাখতে সঠিক সময়ে খনন কাজ শুরুর ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৬ মে) সকালে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র রাঙামাটি শাখার আয়োজনে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ ( চাল) কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে দূষণ কমাতে পর্যটন করপোরেশনকে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে মানুষদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করেছেন। মৎস্য যারা আহরণ করেন তারাও কৃষক কার্ড পাবেন। এ কৃষক কার্ডের মাধ্যমে আপনারা ঋণ সহায়তা পাবেন। আগামীতে এ দেশকে গড়তে সকলকে দায়িত্বশীল হতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদে আগে যে মাছ পাওয়া যেত বর্তমানে সেই পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। আজ যে মাছের পোনাগুলো ছাড়া হবে সেগুলোকে বড় হবার সুযোগ দিবেন। কারণ এ মাছগুলো আপনারা ধরবেন। আপনাদের পাশে আমরা আছি।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এদেশের মানুষ মাছে- ভাতে বাঙালী। চাহিদা অনুযায়ী মাছের উৎপাদন দ্বিগুণ বাড়াতে হবে। উৎপাদিতে মাছ যাতে রপ্তানী করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। চিংড়িতে এক সময় আমরা অনেক বেশি এক্সপোর্ট করতাম। কিভাবে চিংড়ির উৎপাদন বাড়ানো যায়, বৈদশিক মুদ্রা অর্জন করতে পারি সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার এম নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এবংঅতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন।
অনুষ্ঠানে মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজার কমান্ডার মো: ফয়েজ আল করিম,রাঙামাটি মৎস্যজীবি বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মাহফুজ আহমেদ এবং জেলে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এ বছর বিএফডিসি রাঙামাটি আনুমানিক ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করবে বলে জানা গেছে।
পূর্বতারা/ইউডি/ মঈন উদ্দীন বাপ্পী