বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি : সন্ত্রাসী বড় সাজ্জাদসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ মে ২০২৬, ০২:৫৫

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরার বাসিন্দা মো. ইউনুস নামে এক বালু ব্যবসায়ীকে গুলির ঘটনায় দায়ের মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। গত সোমবার (৪ মে) সাত আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আসামিদের মধ্যে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর ছয় সহযোগী রয়েছেন।

গত বছরের ১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে এই ব্যবসায়ীকে গুলি করেন সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন ইউনুসের স্ত্রী খোদেজা বেগম চান্দগাঁও থানায় মামলা করেন। মামলায় সন্ত্রাসী সাজ্জাদ আলীসহ নয়জনকে আসামি করা হয়। ঘটনার ৯ মাস পর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

চার্জশিট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক। তিনি বলেন, ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ী ইউনুসকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ দফায় দফায় ফোন করে হুমকি দেন। শেষে তাঁর সহযোগীদের দিয়ে ওই ব্যবসায়ীকে গুলি করান।

তিনি বলেন, তদন্তে বিদেশে থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে চাঁদা দাবি ও হুমকির তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সাজ্জাদের সহযোগীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা গেছে।

চট্টগ্রাম আদালতে চান্দগাঁও পুলিশের দাখিলকৃত অভিযোগপত্রে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ ছাড়াও ছয় জনকে আসামি করা হয়েছে। এরা হচ্ছেন বড় সাজ্জাদের সহযোগী মোহাম্মদ হাসান, মোবারক হোসেন ওরফে ইমন, মোহাম্মদ রায়হান, ফাহমী নিজামী চৌধুরী, নুরুল হক ও কামাল উদ্দিন ওরফে বালু কামালকে। মোহাম্মদ আলম ওরফে ববি ও এরশাদ হোসেন নামের দুজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্রে ১২ জনকে সাক্ষী রাখা হয়েছে।

পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ২০ জুলাই প্রথম দফায় সন্ত্রাসী সাজ্জাদ বিদেশি একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ী ইউনুসের কাছে ফোন করেন। এরপর বলেন, ‘ব্যবসা করতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে। নইলে জানে মেরে ফেলব।’ জবাবে ব্যবসায়ী ইউনুস চাঁদা দিতে অস্বীকৃতি জানান। দুই দিন পর ২৩ জুলাই সাজ্জাদ আবারও ফোন করেন। এ সময় হুমকি দিয়ে ওই ব্যবসায়ীকে বলেন, ‘ঠিক আছে, টাকা নিয়ে কবরে যাবি।’

দ্বিতীয় দফা হুমকির পর ১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁওয়ের মোহরা এলাকায় দুটি মোটরসাইকেলে করে এসে মোহাম্মদ ইউনুসের বাসায় হানা দেন অস্ত্রধারী সন্ত্রাসীরা। এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন তাঁরা। এ সময় গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইউনুস। তাঁকে মৃত ভেবে চলে যাওয়ার সময় অস্ত্রধারীদের একজন বলতে থাকেন, ‘সাজ্জাদ ভাইয়ের কথা ভালো লাগে নাই, এবার কবরে যা।’ তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

পূর্বতারা/ইউডি

ভিডিও