রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি বন থেকে পাচার করার সময় বিরল প্রজাতির ‘মালায়ান নাইট হেরন’ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন অভিযান চালিয়ে পাখিটিকে উদ্ধার করেছে বন বিভাগ।
অভিযানের খবর পেয়ে পাখিটি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্বারের সংবাদ পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন (ডিএফও) ঘটনাস্থলে কাপ্তাই রেঞ্জ অফিসে আসে। তিনি পাখিটির দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া এ্যভিয়ারি পার্কে হস্তান্তরের নির্দেশনা দেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, বিরল প্রজাতির মালায়ান নাইট হেরন তিন পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশে তেমন দেখা মেলে না। আমরা গোপন সুত্রে সংবাদ পেয়ে এটি উদ্ধার করি। বিভাগীয় কর্মকর্তা ঘটনাস্থলে এসে পাখিটির চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া এ্যাভিয়ারী পার্কে হস্তান্তর করার নির্দেশ দেয়।
পাখিটি মঙ্গলবার বিকালে সহকারী বন সংরক্ষক মো. জামাল উদ্দিন, সাবেক রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন ও বন বিভাগের উপস্থিতিতে রাঙ্গুনিয়া এ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়।
পূর্বতারা/ইউডি/ মঈন উদ্দীন বাপ্পী