সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি ২০ হাজার পোশাক জব্দের মামলার প্রধান আসামি সাহেদুল ইসলামের জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের এক বেঞ্চ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক আসামির জামিন বিষয়ে জালিয়াতির অভিযোগের তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে বেঞ্চ কর্মকর্তা জাকির হোসেনকে ৩০ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাইকোর্টের আদেশে ঘষামাজার অভিযোগ রয়েছে এই বেঞ্চ কর্মকর্তার বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, গত সেপ্টেম্বরে সাহেদুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন নেন। সেই আদেশে ঘষামাজা করে জাল-জালিয়াতির মাধ্যমে মামলার নাম্বার ও থানার নাম পরিবর্তন করে কারাগারে পাঠানো হয়। এর ভিত্তিতে কারাগার থেকে বের হন আসামি সাহেদুল ইসলাম।
বিষয়টি গত ২৯ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। প্রধান বিচারপতি তাৎক্ষণিক ঘটনা তদন্তে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন। ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়।
তদন্তের অগ্রগতি আছে জানিয়ে স্পেশাল অফিসার মো. মাজহারুল হক বলেন, তদন্ত প্রতিবেদন শিগগিরই কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে।
এর আগে, গত বছরের মে মাসে চট্টগ্রাম নগরের একটি কারখানা থেকে ২০ হাজার ৩০০টি সন্দেহজনক পোশাক (ইউনিফর্ম) জব্দ করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তখন রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করা হয়।