চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র নিতে গিয়ে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা বাধার মুখে ফরম নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
সোমবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরিতে এ ঘটনা ঘটেছে। বিকাল ৫ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগপন্থি আইনজীবীরা মনোনয়ন ফরম নিতে না পারে বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ-সমর্থক প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে আমাদের বার লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয়নি। লাইব্রেরির দরজা বন্ধ করে দেয়া হয়। আমরা মনোনয়নপ ফরম সংগ্রহ করতে পারিনি। আমরা সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েছি।
প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা বলেন, ‘আমরা বিকেল পাঁচটা পর্যন্ত ছিলাম। যারা ফরম নিতে এসেছেন তাদের সবাইকে দেয়া হয়েছে। বাধা দেওয়ার বিষয়নি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। তাই তাঁদের অংশগ্রহণের সুযোগও নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী ফরম নিতে যান। তখন বার লাইব্রেরির মুখে তাঁদের বিএনপি–সমর্থিত আইনজীবীরা বাধা দেন। এসময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন। এসময় বার লাইব্রেরির সামনে আওয়ামী লীগ-সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা স্লোগান দিতে থাকেন।
২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ধার্য হয়েছে। আজ বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় বার লাইব্রেরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ছিল।