রাঙামাটিতে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুটি তার নিজবাসার সামনে অবস্থান করছিল। এ সময় তার চাচাতো ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ স্বজনদের। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া শুরু করে। কিন্তু শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আমরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছি।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।