চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। ঘটনার খবর পাওয়ার পরপরই একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের একজন অপারেটর জানান, ছয়টি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক জসীম উদ্দিন বলেন, প্রায় দেড় ঘণ্টায় প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কাজ চলছে বলে জানান তিনি।