চকবাজার থানাধীন মৌসুমী আবাসিক এলাকার একটি ভবনের আটতলা থেকে লিফটের গর্তে ফেলে আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
অনিক দাস (২০) আনোয়ারা থানার কৈনপুরা গ্রামের যীশু দাসের ছেলে।
র্যাব-৭ জানিয়েছে, নিহত সাজিদ নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
তিনি নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন। একটি মোবাইল নিয়ে তার সাথে বন্ধু ফারদিনসহ স্থানীয় কতিপয় কিশোরের বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন গত ১২ এপ্রিল বিকেলে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর গ্যাংয়ের কবলে পড়েন সাজিদ। তারা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করে ভবনের ৮ম তলার লিফটের খালি গর্ত দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস আনোয়ারা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বতারা./ইউডি