পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চায় না রাঙামাটি শহরের রূপনগর এলাকার বাসিন্দারা। এর প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রূপনগর এলাকায় সংবাদ সম্মেলন করেছে বাসিন্দারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, রাঙামাটি শহরের রূপনগর এলাকায় শত শত পরিবার দীর্ঘ কয়েক দশক ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছে। এই জনপদটি শুধু আমাদের মাথা গোঁজার ঠাঁই নয়, বরং আমাদের পূর্বপুরুষের স্মৃতি এবং আমাদের জীবন-জীবিকার প্রধান কেন্দ্র। অথচ অত্যন্ত দুঃখের বিষয় যে, সম্প্রতি কোনো প্রকার কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই আমাদের এই ভিটেমাটি থেকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে শতাধিক পরিবার বাস্তুহারা হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন,যথাযথ পুনর্বাসন ছাড়া নাগরিককে তার আবাসস্থল থেকে সরিয়ে দেওয়া বাংলাদেশের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। স্থায়ী সমাধান ছাড়া নতুন ভবন না করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
ভোক্তভোগীরা বলেন, আমরা উন্নয়নের বিপক্ষে নই, তবে উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমাদের দাবি হলো- ‘অবিলম্বে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করতে হবে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনো প্রকার উচ্ছেদ চালানো যাবে না। আমাদেরকে এই ভূমির স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত প্রদান করে স্থায়ী সমাধানের পথ তৈরি করতে হবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে সরাসরি আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে হবে।
এসময় রূপনগরের স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান হবি,আব্দুল হালিম, মো. তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেন, রওশন আরা বেগম, মো. সুজনসহ এলাকার স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্বতারা/ইউডি