শনিবার, ১৩ জুন ২০২৬

সমন্বিত পরিকল্পনায় বন্দরের সম্ভাবনাকে কাজে লাগানো হবে : নৌ-পরিবহন মন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯

নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে, সেটা ইতিবাচক। তবে আরও অনেক কিছু করার সুযোগ আছে। আমরা চাই, সমন্বিত পরিকল্পনায় কাজ করে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে।

রোববার দুপুর ২টায় চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন। দায়িত্ব গ্রহণের পর নৌ-পরিবহন মন্ত্রীর এটাই প্রথম চট্টগ্রাম বন্দর পরিদর্শন।

মন্ত্রী আরও বলেন, ‘কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘ল্যান্ডলর্ড মডেল’ নিয়েও আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠান; যারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। এতে করে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে। পরিদর্শন কালে বন্দরের বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সমস্যা সমাধানে কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া গেছে। আর কিছু বিষয়ে ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য যে খাতগুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর চট্টগ্রাম বন্দর সেই গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি।

পূর্বতারা/ইউডি

ভিডিও