সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও আন্তঃসংস্থার তথ্য বিনিময় আরও কার্যকর করতে চট্টগ্রাম বন্দরে পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ‘মার্কো-৩ ফান্ডামেন্টালস কোর্স’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শহীদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) এবং আইওরিসের জাতীয় ফোকাল পয়েন্ট কর্মকর্তা কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রিমারিও সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মার্কো-৩ ফান্ডামেন্টালস কোর্স’-এর মূল লক্ষ্য হলো আইওআরআইএস প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তাৎক্ষণিক তথ্য বিনিময় ও কারিগরি সমন্বয় বৃদ্ধি করা। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করার আহ্বান জানান।
পাঁচ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সামুদ্রিক ক্ষেত্র সচেতনতা সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করেন। পাশাপাশি আইওআরআইএস প্ল্যাটফর্মে ‘৫টি প্রশ্ন কাঠামো’ ব্যবহার করে প্রতিবেদন তৈরি, বিভিন্ন সংস্থার মধ্যে তাৎক্ষণিক বার্তা ও সতর্কতা আদান-প্রদান এবং এআইএস ও স্কাইলাইট ডেটা স্তরের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশের ৯০ শতাংশের বেশি বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে বন্দরের নিরাপত্তা ও কার্যক্ষমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজন চট্টগ্রাম বন্দরের দায়িত্বশীল অংশীদার হিসেবে ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ক্রিমারিও-২ প্রকল্পের অংশ হিসেবে এই কোর্সটি পরিচালনা করেন দক্ষিণ এশিয়া ও তানজানিয়ার প্রতিনিধি বিয়র্ন বেইরেন্স। এতে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কোর্সটির সার্বিক সমন্বয় করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইওআরআইএস সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ। সমাপনী অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।