শনিবার, ১৩ জুন ২০২৬

কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসব

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:০৯

পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলের মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব উদযাপিত হয়েছে। উৎসবের অংশ হিসেবে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে দুঃখ-গ্লানি ধুয়ে নতুন বছরকে স্বাগত জানায়।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আয়োজনে এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান এমপি।

উদ্বোধনী বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, সাংগ্রাই উৎসব মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এটি সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ বলেও তিনি মন্তব্য করেন।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমার সভাপতিত্বে এবং বেতার শিল্পী সানুচিং মারমা ও সাচিং উ মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মানুষের সমাগম ঘটে।

জলকেলির পাশাপাশি মঞ্চে মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী নৃত্য ও গানের মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেন। একইসঙ্গে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংগ্রাই মহাশোভাযাত্রা।

উৎসবে অংশ নেওয়া তরুণ-তরুণীরা জানান, পুরোনো বছরের দুঃখ-দুর্দশা ভুলে নতুন বছরকে বরণ করতেই তারা এই জল উৎসবে অংশ নিয়েছেন।

এদিকে ১৫ এপ্রিল মূল জল উৎসব হলেও ১৩ এপ্রিল থেকেই চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে বৈশাখী মেলা বসে। এতে বিভিন্ন ব্যবসায়ী পসরা সাজিয়ে বসেন। পাশাপাশি নববর্ষ উপলক্ষে বৌদ্ধ পূজা, বৌদ্ধ মূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানোসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানও পালিত হয়।

ভিডিও