বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙামাটিতে বলীখেলায় নতুন চ্যাম্পিয়ন দীপু চাকমা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫

পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই ও চাংক্রান পাতা উদযাপন উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার জনপ্রিয় বলীখেলা। এতে চ্যাম্পিয়ন হয়েছেন দীপু চাকমা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় ছোট, মাঝারি ও বড়- এই তিন বিভাগে মোট ১৫ জন প্রতিযোগী অংশ নেন। খেলাটি উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা স্টেডিয়ামে ভিড় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এবং উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক (অবসরপ্রাপ্ত উপসচিব) প্রকৃতি রঞ্জন চাকমা।

উদ্বোধনী বক্তব্যে উষাতন তালুকদার বলেন, ‌‘এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত না থাকলে গ্রামবাংলার ঐতিহ্য হারিয়ে যাবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি হবে না।’

প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, ‘যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিবছরই এ আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

প্রতিযোগিতার ফাইনালে টানা তিনবারের চ্যাম্পিয়ন খাগড়াছড়ির সৃজন চাকমাকে পরাজিত করে রাঙামাটির কালিন্দীপুরের দীপু চাকমা নতুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উল্লেখ্য, রোববার সকালে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ের এই প্রধান সামাজিক উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।

ভিডিও