রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম এলাকায় অসুস্থ একটি পুরুষ বুনো হাতির চিকিৎসা চলাকালে দেখা গেল এক আবেগঘন দৃশ্য। চিকিৎসার সময় পুরো সময়ই পাশে ছিল তার সঙ্গী স্ত্রী হাতি। যা স্থানীয়দের দৃষ্টি কাড়ে।
শুক্রবার (১০ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিশেষজ্ঞ দলের সহায়তায় অসুস্থ হাতিটির চিকিৎসা প্রদান করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, পুরুষ হাতিটির চিকিৎসা কার্যক্রম চলাকালে স্ত্রী হাতিটি কোনোভাবেই সেখান থেকে সরে যায়নি। ফলে নিরাপত্তার কথা বিবেচনায় স্ত্রী হাতিটিকেও সাময়িকভাবে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, ডুলাহাজারা সাফারি পার্ক ও সিভাসুর যৌথ বিশেষজ্ঞ দল দুর্গম পাহাড়ি এলাকায় সফলভাবে এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে।
তিনি জানান, আগামী এক সপ্তাহ হাতিটিকে খাবারের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ খাওয়ানো হবে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।