বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙামাটিতে বিজু, বৈসু, সাংগ্রাই উৎসব শুরু

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০১:০৬

রাঙামাটিতে বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে রাঙামাটি পৌরসভা মঞ্চে বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উদযাপন কমিটির আয়োজনে এ উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।

অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বিজুতে শান্তি চাই, সম্প্রীতি চাই। সকল সম্প্রদায় মিলেমিশে একটি শান্তিপূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ- সভাপতি ঊষাতন তালুকদার বলেন, নতুন বছরে প্রত্যাশা এ পৃথিবীতে হানাহানি, রেষারেষি, হিংসা- বিদ্বেষ থাকবে না। সবাই মানুষ হয়ে মানুষের মতো জীবন যাপন করবে।

তিনি বলেন, চৈত্র মাসে জুমিয়াদের পরিবারে অভাব অনটন থাকে। অনেকে সুন্দর, সাবলীল ভাবে বিজু উদযাপন করতে পারছে না। এরপরও বিজু আসলে জুম্ম জনগণের মাঝে আনন্দ শিহরিত হয়। নতুন বছরকে তারা বরণ করে।

বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উদযাপন কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শত শত পাহাড়ি তরুণ-তরুণীরা শোভাযাত্রায় অংশ নেন।

পূর্বতারা/ইউডি/মঈন উদ্দীন বাপ্পী

ভিডিও