বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙামাটিতে গাছে ঝুলছিল তরুণ-তরুণীর লাশ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ০৯:১১

রাঙামাটির বরকলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণ-তরুণী হলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা (২৭) ও ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকার একই এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় ওই দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

স্থানীয়দের দাবি, নিহত সুভাষ কান্তি চাকমা ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তার আগের সংসার থাকায় প্রেমের সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হয়। এ কারণে তরুণীর পরিবার বিয়েতে অনীহা প্রকাশ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হলেও কাপ্তাই হ্রদে পানি না থাকায় তাৎক্ষণিকভাবে রাঙামাটি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হয়নি। বুধবার সকালে মরদেহ পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।’

ভিডিও