রাঙামাটিতে বাংলা নববর্ষসহ পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান পাতা ও সাংলান উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকলে বাংলাদেশও পিছিয়ে থাকবে। দেশে কোনো বৈষম্য থাকবে না এবং সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব। একই সঙ্গে তিনি পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।’
এর আগে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব পোশাক ও সংস্কৃতির উপস্থাপনায় অংশ নেন।
উদ্বোধনী আয়োজনে গড়িয়া নৃত্য, জলকেলিসহ পাহাড়ি সম্প্রদায়ের নানা ঐতিহ্যবাহী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি উৎসব উপলক্ষে বসেছে বিপণী বিতান, যেখানে পাহাড়ি জনগোষ্ঠীর ব্যবহার্য বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।